টুইটার বোর্ডে যুক্ত হচ্ছেন ইলন মাস্ক

৫ এপ্রিল, ২০২২ ২৩:০৬  
মাইক্রোব্লগিং সাইট টুইটারের পরিচালক বোর্ডে যুক্ত হচ্ছেন টেসলা প্রধান ইলন মাস্ক। মঙ্গলবার এক টুইটে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়াল এই পরিকল্পনার কথা জানিয়েছেন। খবর রয়টার্স। পরাগ আগারওয়ালের টুইটের উত্তরে ইলন মাস্ক নতুন দায়িত্বে উল্লেখজনক অবদান ও টুইটারের উন্নয়নে ভূমিকা রাখার আগ্রহের কথা জানিয়েছেন। তবে পরিচালক বোর্ডে যুক্ত হলে একটি সীমাবদ্ধতায় আটকে যাবেন মাস্ক। যতদিন বোর্ডে থাকবেন ততদিন তিনি একা কিংবা যৌথভাবে টুইটারের ১৪.৯ শতাংশের বেশি শেয়ারের মালিক হতে পারবেন না। সোমবার টুইটারের ৯.২ শতাংশ শেয়ারের মালিকানা ঘোষণার পর আরেকটি টুইটে এডিট বাটনের বিষয়ে ভোট চান মাস্ক। এডিট বাটনটি ব্যবহারকারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি ফিচার। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমটি অনেকদিন ধরেই ফিচারটি নিয়ে কাজ করছে। উল্লেখ্য, টেসলার পাশাপাশি ইলন মাস্ক রকেট কোম্পানি স্পেসএক্স, বেইন-চিপ স্টার্টআপ নিউরালিংক এবং অবকাঠামো প্রতিষ্ঠান বোরিং কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়া তিনি একাধিক প্রতিষ্ঠানের বোর্ড পরিচালক হিসেবে আছেন। ডিবিটেক/বিএমটি